ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাককানইবির শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান (২৫) খুন হয়েছে। তৌহিদুল জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (১ মে) ভোররাতে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকারর একটি ছাত্র মেছে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তৌহিদুল নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বরপুর গ্রামের সাইকুল ইসলাম খানের ছেলে বলে জানা গেছে।
খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ এনং র্যাব-১৪ এর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিদর্শন করেন।
পুলিশ জানায়, ময়মনসিংহ নগরের একটি মেসে ঢুকে তৌহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় মেসটির মালিক টের পেয়ে গুরুতর আহত অবস্থায় তৌহিদুল উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল-আমীন জানান, ঘটনাটি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটিয়েছে, নাকি চুরি করার জন্য সেখানে গিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে হত্যাকারীকে শনাক্ত ও আটক করতে কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ইতোমধ্যে এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে এবং সন্ত্রাসীদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
বার্তা বাজার/এম.সি