ক্ষুধার্ত সন্তানদের স্বান্তনা দিতে পাথর রান্না করছেন মা!

৮ সন্তানের পরিবারে খাবার নেই। ক্ষুধার্ত সন্তানদের কান্না থামাতে হাঁড়িতে পাথর চড়িয়ে সেটাই চুলায় জ্বাল দিচ্ছেন মা। পাশে ক্ষুধার্ত নয়নে সন্তানেরা। মায়ের আশা খাবারের জন্য অপেক্ষা করতে করতে একসময় তারা ঘুমিয়ে যাবে।

হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে কেনিয়ার উপকূলীয় মোম্বাসা শহরে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ঘটনা জানানো হয়।

অভাবগ্রস্থ ওই বিধবা নারীর নাম পেনিনা বাহাতি কিতসাও। ৮ সন্তানের জননী ওই নারী স্বামীকে হারিয়ে স্থানীয় একটি লন্ড্রিতে কাজ নেন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সরকারি বিধিনিষেধে কাজটি হাতছাড়া হয়ে গেছে তার। ফলে ঘরে খাবার নেই।

কিন্তু পেট তো আর লকডাউন মানে না। ক্ষুধার জ্বালায় কোনোভাবেই থামছিল না শিশুদের কান্না। উপায় না পেয়ে পাতিলে পাথর রেখে চুলোয় আগুন ধরিয়ে বাচ্চাদের ধোঁকা দেয়ার পথ বেছে নেন মা। হৃদয়বিদারক ঘটনাটি নজরে পড়ে প্রতিবেশী প্রিসকা মোমানির। বিষয়টি সংবাদমাধ্যমে জানান তিনি।

কেনিয়ার এনডিটিভিতে এ নিয়ে মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই মাকে সাহায্যের শেষ নেই মানুষজনের। প্রতিবেশী মোমানির মাধ্যমে অনেকে মোবাইল ফোন ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়েছেন।

সাহায্য পেয়ে কিতসাও বলেন, আমি বিশ্বাস করতাম না, যে কেনিয়ানদের এত দয়া আছে। সারা দেশ থেকে আমি ফোন পেয়েছি, কিভাবে তারা সাহায্য করতে পারে জানতে চাচ্ছে।

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪০০ কাছাকাছি। মৃত্যু হয়েছে ১৭ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর