করোনা আক্রান্তের সংখ্যায় ৪১তম স্থানে বাংলাদেশ

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে বাংলাদেশ এখন ৪১তম স্থানে অবস্থান করছে।

শুক্রবার (০১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যের পর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সেই তথ্য আপডেট করায় এ অবস্থানে উঠে আসে বাংলাদেশ।

এদিন নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৭১ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০২ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৮ জনে। মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন। ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৯৫৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৭৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ের পরপরই ওয়ার্ল্ডোমিটার তাদের ওয়েবসাইটে বাংলাদেশের তথ্য আপডেট করে। ওয়েবসাইটটি শনাক্ত রোগীর সংখ্যার হিসাবে ক্রমিক করে থাকে। বর্তমানে সেই তালিকায়ই বাংলাদেশের অবস্থান ৪১ নম্বরে।

চীন দিয়ে এ তালিকা শুরু হলেও এখন শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। শীর্ষ ১০টি দেশের মধ্যেও নেই চীন। দুই থেকে ১০ নম্বরে থাকা দেশগুলো হলো, স্পেন, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, রাশিয়া, ইরান ও ব্রাজিল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর