হজ্বে যাওয়ার জন্য জমানো টাকা দিয়ে করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান খান টুটুল।
জানা যায়, শুক্রবার (১লা মে) সকালে কুষ্টিয়া সদর উপজেলায় তার নিজ গ্রাম হরিপুরে অসহায় ও হতদরিদ্র প্রায় এক হাজার ৫০০ পরিবারের মাঝে বিনামূল্যে মুদি পন্য ও সবজি বিতরণ করেন তিনি।
ভ্রাম্যমাণ মুদির দোকান ও সবজি বাজার নামের এ কার্যক্রমে চাল, ডাল, আটা, তেল, লবন, সাবান, ভিমবার, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আলু, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, বাঁধা কপি ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছেন প্রকৌশলী টুটুল।
এবিষয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমার এলাকার মানুষ খুবই কষ্ট করে জীবনযাপন করছে। তাদের দুঃখকে কিছুটা লাঘব করার জন্য, আমি হজ্ব করার জন্য কিছু টাকা জমিয়েছিলাম আর কিছু প্রবিডেন্ট ফান্ড থেকে ঋন করা টাকায় অসহায় এসকল মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। তিনি আরও বলেন, আল্লাহর কৃপায় বেঁচে থাকলে হজ্ব করতে পারব! কিন্তু এসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
বার্তা বাজার/এম.সি