করোনার মাঝেই আসছে নতুন ঘূর্নিঝড় ‘আম্ফান’

চলমান মহামারী করোনার মাঝেই দেশে ঘূর্ণিঝড়ের আভাস দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে অবস্থান করা এই ঘূর্ণিঝড়টি আগামীকাল (শনিবার) সক্রিয় হয়ে যেতে পারে। যারা প্রভাবে ঢাকাসহ সারাদেশেই শুক্রবার (১ মে) বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। দমকা হাওয়া ও বজ্রপাতের সাথে এই বৃষ্টির ধারা আগামী কয়েকদিন অব্যহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, দেশে শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। একইসাথে আন্দামান সাগরে শুক্র বা শনিবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সব লক্ষণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে।

বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকেও জানানো হয়েছে, দুয়েক দিনের মাঝেই আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হবে। যা দুই–তিন দিনের মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানে পরিণত হবে।

এই ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ৫ থেকে ৭ মে বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে স্বাভাবিকের চেযে বেশি উচ্চতার জোয়ারের পানি থাকতে পারে। দেশের অন্যান্য স্থানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

ভারতীয় আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, মে মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আম্ফান। তবে এটি কোন দেশের উপকূলে আঘাত করবে সেটি এখনই বলা মুশকিল। তাদের দাবি, ভারতের আন্দামান সাগরে আগামী দুয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে।

উল্লেখ্য, ‘আম্ফান’ হতে যাচ্ছে করোনা সংকটের সময়ে ঘটা প্রথম ঘূর্ণিঝড়। যার নাম রেখেছে থাইল্যান্ড।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর