আ’লীগের লোকেরা লোক দেখানোর জন্য কাঁচা ধান কাটছেন: রিজভী

আওয়ামী লীগের লোকেরা পাকা ধান না কেটে লোক দেখানোর জন্য কাঁচা ধান কাটছেন। তারা মানুষকে দেখাতে চান তারা কৃষকের সাথে আছেন। এভাবে মানবসেবা হয় না। এই ভয়ংকর মহামারিতে দুর্ভিক্ষের মতো অবস্থা মোকাবিলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছেন বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (০১ মে) সেচ্ছাসেবী সংগঠন ‘ফিউচার বাংলাদেশের’ উদ্যোগে হাতিরঝিল মধুবাগ এলাকায় ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিএনপি সরকারে নেই। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে গরিব অসহায় মানুষকে সহায়তা করছি। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল কিংবা সুনামের জন্য নয়, আমরা গরিব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও জানান, ফিউচার বাংলাদেশ নিরপেক্ষভাবে কাজ করে। রাজনৈতিক বিবেচনা না করে দুস্থ-গরিব মানুষের সহযোগিতা করছে। অথচ সরকার ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি করেছে আওয়ামী লীগের লোক দিয়ে। তারা স্থানীয় প্রশাসন, টিএনওকে যাদের সুপারিশ করছে তারাই ত্রাণ পাচ্ছেন। অর্থাৎ এখানেও তারা দলীয়করণ করছে। নিজেদের লোক আর অন্য দলের লোক হিসেবে ত্রাণ দিচ্ছে। কোটি কোটি মানুষ না খেয়ে আছে হাহাকার করছে। আজকে এই মহামারিতে কাজ নেই দিনমজুর মানুষ যারা দিন আনে দিন খায় তারা মাটির সাথে মিশে যাচ্ছে। কিন্তু সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। তাদের রাজনৈতিক এজেন্ডা অর্থাৎ এক দলীয় চিন্তা, কর্মকাণ্ড সেভাবে করে যাচ্ছে।

রিজভী আরও জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রিজভী আহমেদের মুখে লাগাম টানা দরকার। এখন আমি বলি, আমার মুখে না হয় লাগাম টানলেন, বিশ্বের পত্রপত্রিকার গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তারাও বলছে বাংলাদেশে ত্রাণের চাল চুরি হচ্ছে। যেখানে সরকার দেশ পরিচালনা করছে তাদের নেতৃত্ব চলছে, তখন কীভাবে ঘরের মধ্যে মাটির গর্তে, খড়ের পালার মধ্যে চাল এবং খাটের নিচে তেল পাওয়া যায়? এ কথাগুলো শুধু আমরা বলছি না, আজকে আন্তর্জাতিক গণমাধ্যমও বলছে। এখন আপনি কীভাবে তাদের মুখে লাগাম দেবেন? হাছান মাহমুদ আপনি তাদের মুখে লাগাম দিতে পারবেন না। কারণ তারা সত্যটাকেই বলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর