জি সিরিজে সোহান যাযাবরের গান ‘ভাল লাগেনা’

লোকসাহিত্যের ভান্ডার খ্যাত ময়মনসিংহের ছেলে সোহান যাযাবর। একাধারে একজন গায়ক,গিটারিস্ট, সুরকার ও সংগীত পরিচালক। ইউটিউব, ফেসবুকের কল্যাণে অনেকেই তার গান শুনে থাকলেও প্রচার বিমুখতার কারণে তার গাওয়া দিবানিশি, ব্যাথা, সংসার, বন্ধু তুই চলে গেলে, হালকায়ে যিকির, গাইড মি ও কাইন্ড শিরোনামের গানগুলোর গায়ক যে তিনি তা অনেকেই ঠিকঠাক জানেনা।

২০০৫-২০১০ সাল পর্যন্ত ময়মনসিংহের যাযাবর ব্যান্ডের মেইন ভোকাল হিসেবে কাজ করেছেন। যদিও তখনকার সময়ের ব্যান্ডটি এখন আর নেই। গেয়েছেন অনেক মঞ্চে, নগর বাউল (জেমস), বারী সিদ্দিকী, শফি মন্ডল, সুনীল কর্মকার, চন্দনা মজুমদারের মত গুনী শিল্পীদের সাথেও তিনি এক মঞ্চে গান করে প্রশংসা কুড়িয়েছেন। দেশের সঙ্গীতাঙ্গনের মহাতারকাদের একজন প্রয়াত লাকী আখন্দের ছাত্র সোহান যাযাবর বর্তমানে কাজ করছেন লোকগানের জীবন্ত কিংবদন্তী কাংগালিনী সুফিয়ার সাথে।

এই প্রথম ২০২০ সালে জী সিরিজ (অগ্নীবিনা)-এর ব্যানারে সোহান যাযাবরের গাওয়া একটি গান প্রকাশিত হয়েছে। গানটির নাম – “ভালো লাগেনা ” । আরও ২টি গান কদিন পর মুক্তি পাবে জি সিরিজ থেকেই। ইতোমধ্যে জী সিরিজের সাথে গান তিনটি নিয়ে চুক্তি হয়েছে। গান গুলো ধাপে ধাপে প্রকাশিত হবে জী সিরিজের ইউটিউব চ্যানেলে।৷ আপাতত গানটি লিরিক্যাল ভিডিও আকারে ছাড়া হয়েছে।

‘ভালো লাগেনা’,’ মুখছবি’ ও ‘সংসার’ টাইটেলের গান তিনটি রেকর্ড হয়েছে ধানমন্ডিতে অবস্থিত “একুস্টিক আর্ট” স্টুডিও তে। গানের কম্পোজিশনে সোহান যাযাবরের সাথে ছিলেন গিটারিস্ট-সুজন আতিক। তিনটি গানের মাঝে ‘মুখছবি’ টাইটেলের গানটি সুজন আতিকের লেখা ও সুর করা।

সোহান যাযাবর জানায়, ‘গানগুলোর সংগীতায়োজন কিছুটা ৮০/৯০ দশকের ধাঁচে করা হয়েছে। গানগুলো মেকিং এর পেছনে অনেক মানুষের সহযোগিতা রয়েছে, তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আমার পরিবার, তপন কুমার মিস্ত্রি, নাসির ভাই, মুন্না খান, তারেক হায়দার চৌধুরী, সুমন আলম, ফেরদৌস আলম, জনাব কাজল ফারুকী, শাহারিয়ার শাওন ছাড়াও অসংখ্য ভাই- ভক্তদের অনুপ্রেরণাতেই আজ আমার গানের এই অবস্থান ।

বছরকয়েক আগে ‘মহাযজ্ঞ’ নামের একটি ব্যান্ডও প্রতিষ্ঠা করেছেন তিনি। কৈশোরে স্কুল জীবনে সোহান যাযাবরের গানের যাত্রা শুরু হলেও গিটারের হাতেখড়ি হয় তারই বন্ধু নির্ঝরের হাত ধরে।

বর্তমানে এই শিল্পী ছায়ানটের একজন ছাত্র হিসাবে নজরুল সঙ্গীত সাধনা শুরু করেছেন।

সোহান যাযাবর জানিয়েছেন, “ভালো লাগেনা” গানটি গত ২৪ মার্চ থেকে জী সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে । তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন। এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছেন ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর