ইলিশ সংরক্ষণের জন্য মেঘনা নদীতে ইলিশের অভয়ারণ্যে সব ধরণের মাছ ধরায় সরকার কর্তৃক যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা গতকাল শেষ হয়েছে। যার কারণে শুক্রবার (১ মে) থেকে আবার মেঘনা নদীতে মাছ ধরার কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে। মাছের ঘাটগুলো ইতোমধ্যে বেশ কোলাহলপূর্ণ হয়ে উঠেছে।
দির্ঘদিন মাছ ধরা থেকে বিরত থাকার পর এবার নদীতে নামার সব ধরণের প্রস্তুতিই সম্পন্ন করেছেন স্থানীয় জেলেরা। লক্ষীপুরের রামগতি উপজেলার আসল পাড়া, গাবতলী, সেন্টার খাল, রামগতির হাট ও টাংকি বাজার এলাকায় জেলেরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছেন মাছ্য ধরার জন্য।
জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের আওতায় মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রম এলাকায় মার্চ ও এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। একই সময় জাটকা ইলিশ মাছ ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছিল। মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক জেলা ও উপজেলা টাস্কফোর্স সরকারি ঐ নিষেধাজ্ঞা কার্যকর করেছিল।
রামগতি উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম চলার সময় ক্ষতিগ্রস্ত জেলেদের পুনর্বাসনের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চার মাসের জন্য (মার্চ থেকে জুন পর্যন্ত) ১১ হাজার ৪৭৭ জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
বার্তাবাজার/এসজে