রাজধানী ঢাকার কদমতলীতে চায়ের দোকানী মামার থাপ্পড়ে রাব্বী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় কদমতলীর জনতাবাগ এলাকা থেকে রাব্বীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় রাব্বী আর জীবিত নেই।
এ বিষয়ে কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, মামার কাছে কদমতলীর জনতাবাগ চৌরাস্তা এলাকায় বাস করতো রাব্বী। সেখানেই তার মামার চায়ের দোকানে কাজ করতো।
ওসি জামাল উদ্দিন মীর আরও জানান, স্থানীয় সূত্র জানা গেছে বৃহস্পতিবার বিকালে চায়ের দোকানে কাজ করার সময় তার মামা তাকে থাপ্পর মারেন। সেখানে অজ্ঞান হয়ে গেলে ঢাকা মেডিকেলের ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষনা করে। এরপর থেকেই রাব্বীর মামা পলাতক আছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
বার্তাবাজার/এসজে