সাভার ও ধামরাইয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি

ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) এর সর্বশেষ আপডেট (৩০ এপ্রিল, ২০২০) হলো- সাভারে মোট আক্রান্ত ২৬ জন এবং ধামরাইয়ে মোট ৬ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা জানান, সাভারে নতুন করে আরও দু’জন করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্ত দু’জন বাবা ও ছেলে। এ নিয়ে সাভারে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন।

এব্যাপারে তিনি আরও জানান, নতুন করে বাবা ও ছেলে আক্রান্ত হয়েছেন। তারা দু’জন আশুলিয়ার বাসিন্দা। তাদেরকে মিরপুর মাতৃসদন হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ২৮ এপ্রিল ২৫ জন বলা হলেও রাজশাহীর একজন করোনা আক্রান্ত সাভারে এসেছিলেন। ফলে তাকে বাদ দিয়ে ২৪ জন গণনা করা হয়েছিলো। তাই সাভারে সর্বশেষ পজিটিভ ২৬ জন। এই তালিকার মধ্যে কাউন্দিয়া ইউনিয়নের ৭৫ বছরের সেই মৃত ব্যক্তিও রয়েছেন বলে জানান তিনি।

আক্রান্ত ওই বাবা ও ছেলের ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক জিয়াউল হক জানান, আশুলিয়ায় দু’জন করোনা আক্রান্ত রোগীকে ঢাকার মিরপুর মাতৃসদন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, তারা যে বাড়িটিতে বসবাস করতেন, সেটিও লকডাউন করা হয়েছে। আক্রান্ত ওই বাবা ও ছেলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে এবং তারা আশুলিয়ায় ভাড়া থাকতেন বলেও জানান তিনি।

এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডাঃ নূর রিফফাত আরা জানান, ধামরাই উপজেলায় নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হন নাই। গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টা পর্যন্ত করোনা পজিটিভ ছিলেন মোট ৬ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৮ জনের। এদের ভিতর সর্বমোট আক্রান্ত হয়েছেন ৬ জন। তাদের চিকিৎসা চলছে এবং তারা এখনও পর্যন্ত ভালো আছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হন নাই, আক্রান্তদের ভিতর থেকে কেউ সম্পূর্ণ সুস্থও হন নাই এবং কেউ মারাও যান নাই।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর