চড়া মূল্যে বিক্রি হলো হুমায়ুন ফরীদির চশমা

কিছুদিন আগে নিলামে বিক্রি হলো সাকিবের ব্যাট। ২০ লাখ টাকায় রাজ নামের এক প্রবাসী কিনে নেন সেই ব্যাট। এবার কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা বিক্রি হয়েছে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়। ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে এটি কিনে নিয়েছেন হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় এই নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে অংশ নেন হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। এছাড়া আরও অংশ নেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ যাকের, সাজু খাদেমসহ অনেকে।

বৃহস্পতিবার রাত ১১টায় ১ লাখ টাকা থেকে বিড শুরু হয়। এরপর তা থেমে থেমে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকা ওঠে। নিলামজয়ী ব্যক্তি তার নাম, পরিচয় গোপন রাখেন।

জানা গেছে, নিলামে প্রাপ্ত অর্থ ব্যয় হবে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে। এর আগে, ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট ও সংগীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা নিলামে ওঠে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর