পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট চাপাবে বাংলাদেশ ব্যাংক। এবার নতুন করে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট ছাপানো হবে বলে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত বছরের তুলনায় আরও ৮ হাজার কোটি টাকা বেশি ছাপানো হচ্ছে।
যদিও কাগজের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না বিষয়টি প্রমাণিত। তারপরেও বাজার থেকে পুরাতন টাকা তুলে নিয়ে নতুন করে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট সরবরাহ করবে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতরের আগে নতুন নোট ছাপানো হচ্ছে। এই বছরের নতুন টাকার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। আগের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে। গতবছর (২০১৯) ঈদে ২২ হাজার কোটি টাকার নতুন নোট ছাপিয়েছিল। করোনা মহামারির কারণে এবার বেশি টাকা ছাপানো হচ্ছে।
ইতিমধ্যে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য থেকে নতুন নোটের মুদ্রণসামগ্রী আমদানি করা হয়েছে। তাই সাধারণ ছুটির মধ্যেও নতুন মুদ্রার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যস্ত মুদ্রা পরিচালনা বিভাগের কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা পরিচালনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাগজের নোটের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরেও কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ছেঁড়া ও পুরাতন নোট অপসারণের উদ্যোগ নিয়েছে। প্রথমত, কেন্দ্রীয় ব্যাংক সমপরিমাণ পুরনো নোটের বিপরীতে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে। তারপর প্রয়োজন হলে আরও ৫ হাজার কোটি টাকার নতুন নোট প্রকাশ করা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস