নড়াইলে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে তার সহযোগীরা ছিনতাই করেছে। এ ঘটনায় ২ এএসআই সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে লোহাগড়া উপজেলার তালবড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, অপহরণ মামলার আসামি জাহিদ শেখের অবস্থান সম্পর্কে গোপনে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল তাকে ধরতে তালবাড়িয়া গ্রামে অভিযানে যায়। পুলিশের দলটি জাহিদকে আটক করে থানা নিয়ে আসার পথে তালবাড়িয়া বাজারে পৌঁছালে জাহিদকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয়ে আসামি জাহিদকে ছিনিয়ে নেয়।
ওসি আরও জানান, এ সময় দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে এএসআই কবির হোসাইন, তুহিন আক্তার, কনস্টেবল জয় দাস, সাইফুল ইসলাম ও রকি আহত হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস