অস্ট্রেলিয়ার নতুন চুক্তি থেকে বাদ একমাত্র মুসলিম ক্রিকেটার

ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল)। নতুন এই চুক্তি থেকে বাদ পড়েছেন দলটির একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাঁজা। এবার চুক্তিতে আছেন ২০ জন ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথম মুসলিম খেলোয়াড় উসমান খাজা। তিনিই একমাত্র ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে জাতীয় দলে খেলার পাশাপাশি ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিনিধত্ব করেন। তবে বিশ্বকাপের পর তেমন পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পড়েন তিনি। অবশেষে বাদ পড়তে হলো কেন্দ্রীয় চুক্তি থেকেও।

খাজার সঙ্গে বাদ পড়েছেন গত বছরের অ্যাশেজ সফরের পর থেকে দলের বাইরে থাকা মার্কাস হ্যারিসও। নাথান কোল্টার-নাইল, পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ ও মার্কাস স্টোয়নিসও নেই এ চুক্তিতে। চারজনই অবশ্য গত বিশ্বকাপের দলেও ছিলেন না।

তবে নতুন করে চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন জো বার্নস। অলরাউন্ডার মিচেল মার্শ, পেসার কেন রিচার্ডসন ও স্পিনার অ্যাশটন অ্যাগারও ফিরেছেন চুক্তিতে, যাঁরা বাদ পড়েছিলেন ২০১৯-২০ তালিকা থেকে।

চুক্তিতে খেলোয়াড়দের নতুন অন্তর্ভুক্তি, ফেরা কিংবা বাদ পড়া প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের চেয়ারম্যান ট্রেভর হনস বলেছেন, ‘মিচ মার্শ ও ম্যাথু ওয়েড প্রমাণ করেছে যে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলে আবার ফেরা যায়। আর সব সময় দুর্ভাগ্যজনকভাবে কেউ না কেউ তো বাদ পড়েই। তবে তালিকায় না থাকা মানে এই নয় যে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ পাবে না।’

হনসের কথায় বোঝা যাচ্ছে, চুক্তিতে না থাকলেই যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাবেন না খাজা, তা নয়। অস্ট্রেলিয়া দলের দরজা খোলাই থাকছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। গত অক্টোবরে মানসিক স্বাস্থ্যের বিশ্রাম ও কনুইয়ের অস্ত্রোপচারের কারণে খেলার বাইরে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে ২০২০-২০২১ মৌসুমের চুক্তিতে রেখেছেন নির্বাচকেরা।

মিচেল মার্শের সঙ্গে চুক্তিতে ফিরেছেন অ্যাশটন অ্যাগার, জো বার্নস, কেন রিচার্ডসন ও ম্যাথু ওয়েড।

চুক্তির তালিকা: অ্যাশটন অ্যাগার, জো বার্নস, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর