বাবার জন্য ভারত থেকে কিনে আনা অক্সিজেন তৈরির মেশিনটি স্বাস্থ্য কমপ্লেক্সে দান করেছেন নেত্রকোনার কলমাকান্দার নুরুজ্জামান চৌধুরী রনি নামে এক ব্যক্তি।
তিনি পেশায় একজন প্রাথমিক শিক্ষক। উপজেলার খারনৈ ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের মৃত বাবুল চৌধুরীর পুত্র।
বৃহস্পতিবার(৩০ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো. সোহেল রানা এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল-মামুনের নিকট হাসপাতালের রোগীদের জন্য অক্সিজেন তৈরির মেশিনটি তুলে দেন তিনি।
এ বিষয়ে নুরুজ্জামান চৌধুরী রনি সাংবাদিকদের জানান, তিনি তার বাবাকে নিয়ে কিছুদিন পূর্বে ভারতের ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য গিয়ে ছিলেন। সেখান থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার বাবার জন্য একটি Oxygen Concentrator Machine (অক্সিজেন তৈরির মেশিন) কিনে আনেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ষাট হাজার টাকা।
কিছুদিন পূর্বে তার বাবা ইন্তেকাল করেছেন।
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতিতে রোগীদের সেবায় এ মেশিনটি কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে দান করে খুশি রনি।
সময় টিভি
বার্তাবাজার/কে.জে.পি