উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও একজন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এ কে এম নুরন্নবী লাইজু ও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তির বাসা পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে। তিনি সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কনস্টেবল পদে কর্মরত।
এর আগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮ টায় নারায়ণগঞ্জ ফেরত এক যুবক; সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জ ফেরত বাবা-ছেলেসহ ৩ জন, ঢাকা ফেরত ২ যুবক, রংপুর ফেরত এক যুবক; রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় গাজীপুর ফেরত এক যুবক, মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা ফেরত এক যুবতী, শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭ বছরের কন্যা শিশুসহ ২ জন এবং শনিবার (১১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্তের খবর আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান।
বার্তা বাজার/এম.সি