টাঙ্গাইলের মির্জাপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম রেনু বেগম (৫৫) নামে এক নারী মারা গেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রেনু বেগম উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত এমারত হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
জানা যায়, রেনু বেগম গত শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকায় বোনের বাসা থেকে গ্রামের বাড়িতে ফিরেন। ঢাকা থেকে ফেরার খবরে রবিবার (২৬ এপ্রিল) তার বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করেন। পরে সোমবার (২৭ এপ্রিল) রাতে তার করোনা শনাক্তের বিষয়টি মির্জাপুরের স্বাস্থ্য বিভাগ জানতে পারে। মঙ্গলাবার (২৮ এপ্রিল) চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটুলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রেনু বেগমের মরদেহ বাড়িতে এনে দাফনের দায়িত্ব পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়নি। ঢাকার আল- মারকাযুল ইসলামী আস- সালাফী তার মরদেহ দাফনের দায়িত্ব নিয়েছে।
বার্তাবাজার/এমকে