করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি বিবেচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নূরুন্নবী ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক জি. কে. সাদিক এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) বিপর্যয়ের ফলে গত ২৬ মার্চ থেকে সারাদেশে লকডাউন চলমান রয়েছে। সেই সাথে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলােও বন্ধ রয়েছে। এই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলগুলোও বন্ধ ঘোষণা করা হয় এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রয়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ বাড়িতে অবস্থান করছে।
তারা আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মােট শিক্ষার্থীদের মধ্যে মাত্র ২২ শতাংশের মতাে শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে। বাকি প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা, কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে বাসা/মেসে থাকে। বাসা মেসে অবস্থানকারী এই শিক্ষার্থীদের বড় অংশ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের। যারা টিউশন বা পার্ট টাইম জব করে নিজের পড়ালেখার খরচ চালায়। বর্তমানে টিউশন বা অন্য যে সকল উপার্জনের মাধ্যম রয়েছে তা বন্ধ থাকায় তারা নিজেরাই পরিবার নিয়ে চলতে পারছে না।
এদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, করােনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলাে বন্ধ থাকবে। এমতাবস্থায় এই শিক্ষার্থীদের পক্ষে লকডাউন কালীন বাসা/মেস ভাড়া দেয়া সম্ভব নয়। আমরা ইতােমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে অবগত হয়েছি যে, ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা, কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বাসা/মেস মালিকগণ শিক্ষার্থীদের ভাড়া পরিশোধের জন্য চাপ দিচ্ছেন।
নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান রাখছি কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনকে সাথে নিয়ে বাসা/মেস মালিকদের সাথে আলােচনা সাপেক্ষে লকডাউন কালীন বাসা/মেস ভাড়া মওকুফ করাতে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন।
বার্তা বাজার/এম.সি