ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসদর ভুইয়া পাড়া গ্রামের নিরীহ তাহের উদ্দিনের পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে বসত বাড়ি সংলগ্ন পুকুর খনন করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী হাবিবুর রহমান লিটন ক্ষমতার দাপটে পুকুর খননের সরকারি নিয়ম না মেনে নিরীহ তাহের উদ্দিনের বসতবাড়ি সংলগ্ন পুকুরের পাড় না রেখে সীমানা ঘেষে পুকুর খনন করছে। এ নিয়ে তাহের উদ্দিনের স্ত্রী মোছা. মিনারা খাতুন বুধবার স্থানীয় সংসদ সদস্যের বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন উক্ত অভিযোগপত্রে স্বাক্ষর করে বিষয়টি তদন্তমূলে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নান্দাইল মডেল থানার ওসিকে নির্দেশ দেন।

এবিষয়ে মিনারা খাতুন জানান, পূর্বেও পুকুর খননের কারনে আমার গোয়ালঘর, রান্না ঘরের একপাশ পুকুরের হেলে পড়ে ডুবে যায়। এছাড়া কয়েকবার আমার বাড়ির শিশুরা খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মরার উপক্রম হয়।
মিনারা খাতুনের স্বামী তাহের উদ্দিন জানান, স্থানীয় সালিশ দরবারেও এর কোন সুরাহা না হওয়া উক্ত প্রতিবেশী লিটনের অত্যাচারে এখন আমাদের বাড়ি ছাড়ার উপক্রম হয়েছে। অভিযুক্ত হাবিবুর রহমান লিটনের বক্তব্য হচ্ছে, ‘তার নিজস্ব জায়গায় থেকে তিনি মাটি তুলছেন আর পুকুরের পাড় রেখেই মাটি কাটছেন।’ নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত পুকুর খনন বন্ধ করে দেন।
বার্তা বাজার/এম.সি