নারায়ণগঞ্জে যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়ার একটি গোডাউন থেকে ১২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় গোডাউনটি সিলগালা করে দেয়া হয়েছে। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে বন্দরের মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
গোডাউনের লোকজন জানিয়েছে, এই চাল তারা ত্রাণ দেয়ার উদ্দেশে মজুদ করেছেন। মালিকের সঙ্গে ফোনে কথা হয়েছে, তিনিও একই দাবি করেছেন।
আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি।কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো, নইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এমকে