ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নুরুল হক (৩২) নামে এক ব্যক্তি বুধবার বিকেল ৪ টার দিকে মারা যায়। মৃত্যুর খবরে এলাকায় দুই পক্ষে ফের উত্তেজনা শুরু হয়।
বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে ২ রাউন্ড গুলি করে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
উপজেলার সরিষা ইউনিয়নের বাঁধাটি গ্রামের প্রয়াত মিয়া বক্সের ছেলে নুরুল হকের সাথে প্রতিবেশী প্রয়াত আবদুছ ছালামের ছেলে হাবিবুল্লাহর (৪০) বিরোধ চলছিলো। জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার দুপুরে দুই পক্ষে সংঘর্ষে জড়ায় এতে বল্লমের আঘাতে গুরুতর আহত হয় নুরুল হক।
আহত হয় নুরুল হকের পক্ষের আরো কয়েকজন। গুরুতর অবস্থায় নুরুল হককে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হলে বেলা ৪ টার দিকে নুরুল হককে মৃত ঘোষণা করা হয়। এর পর স্থানীয় ভাবে উত্তেজনা শুরু হয়। একটি চক্র হামলাকারীদের বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট চালায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী ও ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দের নেতৃত্বে পুলিশের দল।
দুই পক্ষের বিপুল লোকজন জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের বুঝানোর চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করলে ২ রাউন্ড ফাঁকা গুলি করা হয়। অভিযান চালিয়ে আটক করা হয় হাবিবুল্লাহর পক্ষের হাসিম উদ্দিন (৫০), তার ছেলে রাসেল মিয়া (৩০) ও আলিম উদ্দিনের ছেলে সুমন মিয়া (২০)। উদ্ধার করা হয় একটি রামদা।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী বলেন, জমি নিয়ে বিরোধে মারামারিতে নুরুল হকের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকরাউন্প গুলি করা হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
কেএ/বার্তাবাজার