যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর তালিকায় যোগ হল আরও ৪৪১৯ জন

মহামারি করোনাভাইরাসের থাবায় বেসামাল পুরো বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসের থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকা-ইউরোপের উন্নত দেশগুলো। যুক্তরাজ্যে বুধবার একদিনেই মৃত্যু হয়েছে ৪ হাজার ৪১৯ জনের, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। খবর স্কাই নিউজের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯৭ জনের। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৬ জন। যার ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২২১ জন।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা বৃদ্ধির কারণ রয়েছে। কারণ যুক্তরাজ্যই প্রথম হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিক ও বাসায় মারা যাওয়া সব মৃত্যুর হিসাব করে তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ২ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত যারা মারা গেছেন, সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) দেওয়া তথ্যানুযায়ী, বুধবার মারা যাওয়া চার হাজার ৪১৯ জনের মধ্যে ৩০ শতাংশ হাসপাতালে মারা গেছেন। বাকি ৭০ শতাংশ বাসা ও অন্যান্য স্থানের।

এদিকে, ডাউনিং স্ট্রিটে দৈনন্দিন ব্রিফিংয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এ মৃত্যুর সংখ্যাকে ‘হঠাৎ উত্থান’ বলে মনে করেন না।

তিনি বলেন, আমরা নতুন পদ্ধতিতে মৃতের সংখ্যা গণনা করছি। যার কারণে সংখ্যা বেড়েছে। হঠাৎ করে মৃত্যু বাড়েনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর