বহুমুখী প্রতিভার অধিকারী ইরফান খান বাস্তব জীবনেও ছিলেন একজন অলরাউন্ডার। স্বদেশি পিকু, মকবুল, হিন্দি মিডিয়াম, আংরেজি মিডিয়ামের মতো বক্সঅফিসে হিট করা চলচিত্রে যেমন কাজ করেছিলেন, তেমনি হলিউডের স্লামডগ মিলিয়নিয়ার, জুরাসিক ওয়ার্ল্ড, দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের মতো বিশ্বখ্যাত সিনেমাতেও দেখা গিয়েছিল তাঁকে।
এছাড়া মাত্র বছর তিনেক আগে বাংলাদেশি পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকির ‘ডুব’ ছবিতে অভিনয়ের মাধ্যমে এদেশের মানুষের হৃদয়ও জয় করে নিয়েছিলেন এই মহাতারকা।
এদিকে অভিনয়ের পাশাপাশি ক্রিকেটেও দুর্দান্ত ছিলেন ইরফান খান। অল্পবয়সেই দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে ডাক পেয়েছিলেন ভারতের বিখ্যাত ঘরোয়া ক্রিকেট লীগ সিকে নাইডু ট্রফিতে খেলার জন্য।
কিন্তু তাঁর স্বপ্নের সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মাত্র ৬০০ রূপি। সেসময় ঘুষের এই অর্থটুকু জোগাড় করতে পারেননি বলেই তাঁর ক্রিকেটার হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গিয়েছিল। ভারতীয় ইংরেজি দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি নিজেই এমনটি জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ‘আমি ক্রিকেট খেলতাম। ক্রিকেটারই হতে চেয়েছিলাম। জয়পুরে আমার দলের সবচেয়ে কম বয়সী অলরাউন্ডার ছিলাম আমি। ক্রিকেটেই ক্যারিয়ার গড়ব, এমন ভাবনাই ভেবে রেখেছিলাম।
সিকে নাইডু ট্রফিতে খেলার জন্য আমি নির্বাচিত হয়েছিলাম। ওই সময় আমার ৬০০ রুপির দরকার ছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না ওটা কার কাছ থেকে নেব। সেদিন থেকেই সিদ্ধান্ত নিলাম। আর ক্রিকেট নয়। এমনকি কারো কাছে ৬০০ রুপি চাইনি পর্যন্ত।’
কেএ/বার্তাবাজার