চাল নেওয়ার সংরক্ষিত কার্ড ৩ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চালের কার্ড ইউপি মেম্বার-ডিলার সংরক্ষণ করে থাকলে আগামী ৩ দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার নির্দশ দিয়েছেন। বুধবার রাতে এ সংক্রান্ত আদেশ জারি করে ফেসবুক আইডিতে প্রকাশ করেন ইউএনও।

উপজেলার ১০ টি ইউনিয়নে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ শ্লোগানকে সামনে রেখে সরকার ‘খাদ্য বান্ধব কর্মসূচি’র আওতায় ২৩ হাজার ৫১২ উপকার ভোগীর নামে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে।

৩০ কেজি করে চাল অতি দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ হলেও অনেক কার্ডধারী জানতেই পারেননি তাদের নামে কার্ড হয়েছে। জনপ্রতিনিধি ও ডিলারদের জোগসাজসে গরিবের চাল উত্তোলন করে নিচ্ছিল অসাধু চক্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জরুরি ভিত্তিতে একটি আদেশ জারি করেন। এতে উল্লেখ করা হয়- কার্ড বিতরণের পর কোনো ডিলার, কোনো মেম্বার বা অন্য কেউ যদি বেনামী কার্ড সংরক্ষণ করে থাকেন তবে আগামী ৩ দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার খাদ্য বান্ধব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তা রিপ্লেস করবেন। যদি এর পরেও কোনো অবৈধ কার্ড ধরা পড়ে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওই অবস্থায় ইউনিয়ন পরিষদ কর্তৃক গঠিত খাদ্য বান্ধব কর্মসূচির ইউনিয়ন কমিটি (হালনাগাদ) করে নিজ নিজ ইউনিয়নের বিদ্যমান তালিকায় মৃত ব্যক্তির নাম,ধনী বা স্বচ্ছল ব্যক্তির নাম, একই খানাভুক্ত পরিবারের একাধীক কার্ডধারী, কিংবা তালিকায় নাম আছে অন্য কোথাও চাকুরি করেন বা অন্য কোথাও ব্যবসা করেন ডিলার পয়েন্ট হতে চাল উত্তোলন করতে আসেন না এমন ব্যক্তিতের নাম চি‎হ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

আদেশ জারি করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে অনিয়মের বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হওয়ায় পূণরায় যাচাই-বাছাই করে হালনাগাদ তালিকা প্রণয়নসহ রিপ্লেসমেন্ট করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর