কেরাণীগঞ্জে ডাক্তার, পুলিশ ও র‍্যাবসহ একদিনে ৪৪ করোনা রোগী শনাক্ত

ঢাকা কেরাণীগঞ্জে নতুন করে ডাক্তার, পুলিশ ও র‍্যাব সহ আরো ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বয়স ৪ থেকে ৮২ এর মধ্যে।

এছাড়াও আক্রান্তদের মধ্যে ৬৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ এপ্রিল তিনি করোনা আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তিনি মারা যান।

বুধবার রাতে কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নতুন করোনা সনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে কেরাণীগঞ্জ মডেল থানার ৫ পুলিশ সদস্য ও র‍্যাব-১০, সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের ৫ র‍্যাব সদস্যসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার (নারী) রয়েছেন। এছড়াও জিনজিরা ইউনিয়নে এক দম্পতি সহ ৮ জন, আগানগর ইউনিয়নে ২ জন, শুভাঢ্যা ইউনিয়নে চার বছরের এক শিশুসহ ৩ জন, কোন্ডা ইউনিয়নে ৩ জন, শাক্তা ইউনিয়নে ২ জন, কালিন্দী ইউনিয়নে ২ জন ও তেঘরিয়া ইউনিয়নে একজন করোনা পজেটিভ হয়েছেন।

এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১১ কারারক্ষীর করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত কারারক্ষীরা পুরান ঢাকার কারাগারে থাকতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো।

জানা গেছে, বর্তমানে আক্রান্ত কারারক্ষীরা জিনজিরা ২০ শয্যা হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ, এর আগে মঙ্গলবার কেরাণীগঞ্জে সর্বোমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ১০৩ জন। বর্তমানে এ নিয়ে কেরাণীগঞ্জে নতুন করে ৪৪ জন আক্রান্তসহ মোট আক্রান্ত ১৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ৪ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর