এমপিওভুক্তির তালিকা থেকে বাদ পড়লো ১৭ প্রতিষ্ঠান

যোগ্যতা না থাকায় বিভিন্ন ক্যাটাগরির ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির তালিকা থেকে বাদ দিয়েছে যাচাই-বাচাই কমিটি। বুধবার (২৯ এপ্রিল) এমপিওভুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাদরাসা ও কারিগরি বাদে নিম্ন মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত ১ হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি চূড়ান্ত করা হয়। তবে গত বছরের ২৩ অক্টোবর এসব ক্যাটাগরিতে এমপিওভুক্তি ঘোষণা করা হয়েছিল এক হাজার ৬৫০টি। এসব প্রতিষ্ঠান থেকে বাদ গেছে ১৭টি প্রতিষ্ঠান।

এক্ষেত্রে ৪৩৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের (৬ষ্ঠ-৮ম) মধ্যে চূড়ান্ত হয়েছে ৪৩০টি। ৯৯৪টি মাধ্যমিক বিদ্যালয়ের (৬ষ্ঠ-১০ম) মধ্যে ৯৯১টি, ৬৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (একাদশ থেকে দ্বাদশ) সবকটি, ৯৩টি কলেজের (একাদশ থেকে দ্বাদশ) মধ্যে বাদ গেছে একটি। ৫৬টি ডিগ্রি কলেজের মধ্যে চূড়ান্ত হয়েছে ৫২টি।

এদিকে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান দাখিল ৩৫৭টি, আলিম ১২৮টি, ফাজিল ৪২টি, কামিল ২৯টি; কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কৃষি ৬২, ভোকেশনাল ১৭৫ এবং এইচএসসি (বিএম) ২৮৩টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলেও এখনও চূড়ান্ত কোড পায়নি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিগগিরই এসব প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা তৈরি করতে কারিগরি ও মাদরাসা বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বাদ পড়া প্রতিষ্ঠানের বিষয়ে এমপিওভুক্তি প্রতিষ্ঠানের তালিকা যাচাই-বাছাই কমিটির প্রধান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বলেন, এমপিওভুক্তির পর কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ আসে। কিছু প্রতিষ্ঠান ভুল তথ্য দিয়ে এমপিওভুক্ত হয়। নীতিমালা-২০১৮ অনুযায়ী যেসব প্রতিষ্ঠানের তথ্যে গরমিল ছিল সেগুলো বাদ গেছে। এখনও যদি অভিযোগ আসে যাচাই-বাছাই করা হবে।

নতুন এমপিও পাওয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের (২০১৯) জুলাই থেকে নির্ধারিত বেতনভাতা পাবেন।

জানা গেছে, প্রতিষ্ঠানের কোড দেয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষক-কর্মচারীদের কোড দেয়া শুরু হবে। এ প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন পাবেন।

প্রজ্ঞাপনে যেসব শর্ত দেয়া হয় সেগুলোর মধ্যে রয়েছে- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তবে শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগ পরিপত্র জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।

যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে তাদের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে সে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি ১ জুলাই, ২০১৯ থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর