প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ওই পুলিশ সদস্যের নাম মো: জসিম উদ্দিন (৪০)। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
বুধবার সকালে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে জসিম উদ্দিনের করোনা পজিটিভ আসে।
বুধবার (২৯ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মৃত জসিম উদ্দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের একটি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, করোনাভাইরাসের মধ্যে অর্পিত দায়িত্ব পালনকালে জ্বরে আক্রান্ত হয়ে পড়েন জসিম উদ্দিন। পরে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। তখন থেকে (২৫ এপ্রিল) তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।
কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে অসুস্থতাবোধ করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১০ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় জসিম উদ্দিনের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লায় দাফনের ব্যবস্থা করা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস