ফরিদপুরে বাল্যবিয়ে সম্পন্ন করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে নিকাহ রেজিস্টার এবং বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের পিতাসহ চারজনকে ১লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের শিবপুর গ্রামের মো. জাকির হোসেন দর্জি তার অপ্রাপ্তবয়স্ক মেয়ে কবিতাকে সরকারি নির্দেশনা অমান্য করে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই গত ১৭ এপ্রিল গোপনে বিয়ে দেন।

কবিতা স্থানীয় ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার বিয়ে হয় পার্শ্ববর্তী সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের সেকেন্দার মোল্যার ছেলে মামুন মোল্যার সঙ্গে। ওই দিনই বিয়ের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. সাব্বির আহমেদ জানতে পেরে বিয়ে বন্ধের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান।

সরেজমিনে পৌঁছাবার পূর্বেই বিয়ে সম্পন্ন করে বর-কনেসহ বরযাত্রীদল চলে যায়। এ ঘটনার পর বিয়ে রেজিস্টার ও কনের পিতাকে সহকারী কমিশনার (ভূমি) তার কার্যালয়ে সাক্ষাতের জন্য বারবার খবর দিলেও তারা দেখা করেননি।

আজ বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে ধরে এনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. সাব্বির আহমেদ তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের জরিমানা করেন।

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১১ ধারায় বিবাহ রেজিস্টার ও বোয়ালমারী পৌর জামায়ত ইসলামীর আমীর সৈয়দ নিয়ামুল হাসানকে ৫০ হাজার, ৯ ধারায় নিকাহ রেজিস্টারের সহকারী মো. আব্বাস হোসেনকে ২৫ হাজার, ৮ ধারায় কনের পিতা মো. জাকির হোসেন দর্জিকে ২৫ হাজার এবং একই ধারায় জাকিরের ভগ্নিপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন দর্জিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর