করোনাভাইরাস জনিত বর্তমান সংকট মোকাবিলায় সরকারি- বেসরকারি যৌথ প্রচেষ্টা প্রয়োজন বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল মঙ্গলবার(২৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘কোভিড-১৯ অ্যান্ড হিউম্যান রাইটস: প্রোটেকটিং দ্য মোস্ট ভালনারেবল’ শীর্ষক এক ওয়েব সেমিনারে (ওয়েবইনার) ঢাকা থেকে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এ অভিমত তুলে ধরেন। জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট এ সেমিনারের আয়োজন করে।
বাংলাদেশে করোনাভাইরাস জনিত সংকট মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিতে করোনাভাইরাস জনিত সংকট মোকাবিলায় বেশ কিছু প্রণোদনা প্যাকেজসহ তার সরকারের তরফ থেকে দুই ধাপে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার সার্বিক প্যাকেজ ঘোষণা করেছেন। এর মধ্যে প্রথম ধাপে তিনি রফতানীমুখী শিল্পকর্মী ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য ৫ হাজার কোটি টাকা(জরুরি) প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। দ্বিতীয় ধাপে ৬৭,৭৫০ কোটি টাকার চারটি নতুন আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এ ছাড়া কৃষি খাতের ক্ষতি মোকাবিলায় কৃষকের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে সারাদেশের ঝুঁকিপূর্ণ ও সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। পরিত্র রমজন উপলক্ষে দেশব্যাপী ৪৯৮টি ট্রাকে করে সাশ্রয়ী দামে এক হাজার ৬০০ মেট্রিক টন নিত্য প্রয়োজনীয় পণ্য টিসিবি’র মাধ্যমে বিক্রয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ ইত্যাদি।
মন্ত্রী বলেন, বাংলাদেশে করোনাভাইরাস জনিত সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি বিশেষ এগিয়ে এসেছেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি গার্মেন্টস সংগঠনগুলো তাদের কারখানাগুলোর কর্মীদের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারলে বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।
বার্তাবাজার/কে.জে.পি