রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই চিকিৎসকসহ ৪ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪ স্বাস্থ্যকর্মীসহ মোট ৬ জনের করোনা পজিটিভ আসে।
আক্রান্ত ৪ স্বাস্থ্যকর্মী হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুইজন সহকারী রেজিস্ট্রার চিকিৎসক ও দুইজন নার্স। এছাড়াও অন্য দুইজন হলেন দিনাজপুরের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার একজন করে মোট ৬ জন শনাক্ত হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিভাগের দুই সহকারী রেজিস্ট্রার চিকিৎসক এবং দুইজন সিনিয়র স্টাফ নার্স (একজন পুরুষ) আক্রান্ত হয়েছেন।
এর আগে গত ২৩ এপ্রিল ওই হাসপাতালের দুই নার্স এবং ২৭ এপ্রিল দুই চিকিৎসক (একজন ইন্টার্ন চিকিৎসক) করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসক ও চারজন নার্স আক্রান্ত হলেন।
ডা. ফরিদুল ইসলাম চৌধুরী আরও জানান, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত থাকার কারণে চার চিকিৎসক ও চার নার্স আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস