দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এমন অবস্থায় সরকারি হাসপাতালের পাশাপাশি ৪ টি বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষা এবং চিকিৎসার অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে ৩ টি ঢাকায় ও অন্যটি নারায়ণগঞ্জে।
অনুমতি পাওয়া হাসপাতালগুলোর মধ্যে- ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল শুধু তাদের ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা করবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে।
বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, এই ৪টি বেসরকারি হাসপাতাল যে নমুনা পরীক্ষা করবেন আমরা তা কাল থেকে অথবা যখন তারা কাজ শুরু করবেন তখন থেকে হিসাবে যুক্ত করব। তিনটি হাসপাতালকে বাইরের রোগীর নমুনা পরীক্ষার অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে নাসিমা সুলতানা বলেন, অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে, সে কারণে এখনই তাদের আউটডোর পেশেন্টের নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি।
এই চারটি বেসরকারি হাসপাতালসহ দেশে সব মিলিয়ে এখন ২৯টি মেডিকেল প্রতিষ্ঠানে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ব্যবস্থা হল।
বার্তা বাজার / ডাব্লিও.এস