ওসব খুব খারাপ কাজ বলা ‘মুরুব্বির’ দোকান থেকেই উদ্ধার হল টিসিবির তেল

চট্টগ্রামে একটি দোকান থেকে টিসিবির বিভিন্ন ব্র্যান্ডের ২২৭ লিটার তেল জব্দ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) হাটহাজারী উপজেলার এনায়েতপুর বাজারের মুনিয়া পুকুর পাড় এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এসময় ওই দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন বলেন, প্রতি বছর রমজানের শুরু থেকেই বাজার মনিটরিং করি। এবার করোনা প্রাদুর্ভাবের কারণে আরও সজাগ। উপজেলার এনায়েতপুর বাজার এলাকায় এক দোকানির গোডাউন পরিদর্শনের সময় দেখলাম এক কোনায় বেশকিছু তেলের বোতল, যেগুলোতে টিসিবির সিল রয়েছে। দোকানে ফিরে তার কাছে জানতে চাইলাম, টিসিবির পণ্য বিক্রি করেন? জবাবে তিনি বললেন, ‘নাতো! ওসব খুব খারাপ কাজ’। তখনই বুঝে গেলাম তিনি মিথ্যা বলছেন।

ইউএনও আরও বলেন, পরে ওই গোডাউনে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের টিসিবির ২২৭ লিটার তেল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে- ভিউলা ব্র্যান্ডের ২ লিটারের ৩১টি, ৫ লিটারের ৩টি, পুষ্টি ব্র্যান্ডের ২ লিটারের ৪৫টি ও ৫ লিটারের ১২টি।

তিনি জানান, দোকানের মালিক আবুল কালাম দোষ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে মজুত করা টিসিবির পণ্যগুলো জব্দ করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর