দেশে করোনা জয় করলেন ৮০ বছরের বৃদ্ধ

রংপুরের বদরগঞ্জের তাবলীগ জামাতফেরত বৃদ্ধ মোসলেম উদ্দিন মরণঘাতী করোনাভাইরাস জয় করে অবশেষে বাড়ি ফিরেছেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

৯ দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোসলেম উদ্দিন। তার বাড়ি বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাওচন্ডি খিয়ারপাড়ায়। ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন্নবী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একমাস ঢাকায় অবস্থান শেষে গত ১ মার্চ ভোরে রংপুরে ফেরেন মোসলেম উদ্দিন। এ সময় তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রংপুরে পৌঁছে শহরের খামার মোড়ে জামাইয়ের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে থাকা অবস্থায় জ্বর, সর্দি, ও কাশিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় তার। পরে ১৪ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসা নিতে যান মোসলেম উদ্দিন।

এ সময় কর্তব্যরত চিকিৎসক তার রোগের লক্ষণ ও ইতিহাস জেনে করোনা সন্দেহে নমুনা পরীক্ষার পরামর্শ দেন। ওইদিন তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ এপ্রিল করোনা শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ২০ এপ্রিল সেখান থেকে তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে পাঠানো হয়।

সেখানে ৯ দিন চিকিৎসাধীন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি এবং পরপর দুইবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে করোনা আক্রান্ত রোগী ভর্তির সময় যেভাবে ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানো হয়, সেভাবেই ছাড়পত্র দেওয়ার সময়ও চিঠি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন্নবীসহ কর্মরত চিকিৎসকবৃন্দ। রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের প্রথম রোগী হিসেবে ভর্তি এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় মোসলেম উদ্দিনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চিকিৎসকদের সাহস, আশার সঞ্চার ও অভিজ্ঞতা কয়েকগুণ বৃদ্ধির কথাও উল্লেখ করা হয় ওই চিঠিতে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর