করোনায় ছাত্রলীগের ‘ফ্রি সবজি বাজার’

করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতেও চলছে অঘোষিত লকডাউন। এতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। ফলে খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে বোয়ালমারী পৌর শহরের মেইন রোডের সরকারি ডাকবাংলো মার্কেটের সামনে থেকে এ কার্যক্রম শুরু করেন বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা। এ সময় তারা প্রায় ৩০০ অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে এসব সবজি বিতরণ করে।

বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সদস্য অরুপ মিত্র, বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, ছাত্রলীগ কর্মী আলম হোসেন, রাকিব আহমেদ, সুব্রত বিশ্বাস, সাফাত ইসলাম বাপ্পি প্রমুখ।

সরেজমিন গিয়ে দেখা যায়, পৌরশহরের মেইন রোডের পাশে সবজি দিয়ে সাজানো ৫টি টেবিল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। পাশে রয়েছে ‘ফ্রি সবজি বাজার’ নামের ব্যানার। সদাই করতে আসা অসহায় লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ছাত্রলীগের কর্মীরা একে একে টেবিলে থাকা সবজিগুলো পরিমান মত ব্যাগে ভরে তাদের হাতে দিচ্ছেন। ভ্রাম্যমান ফ্রি সবজি বাজারে আলু, মিষ্টি কুমড়া, পুঁই শাক, লাল শাক, কাঁচা মরিচ, ঢেড়শ, টমেটোসহ বিভিন্ন রকমের সবজি রয়েছে।

সবজি নিতে আসা দক্ষিণ কামারগ্রামের ষাট বছর বয়সী রাহি বেগম বলেন, ‘ব্যাগভর্তি সদাই পেয়েছি, কিন্তু কেউ টাকা চাইলো না। যাহোক বাচ্চাদের নিয়ে এক সপ্তাহ চলে যাবে।

বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, ‘গ্রামের প্রান্তিক কৃষকদের থেকে বিভিন্ন প্রকারের সবজি কিনে করোনায় অসহায় কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে এসব সবজি বিতরণ করছি আমরা। অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন লোক দেখে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছি। করোনায় আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ‘করোনা’র বিস্তার ঠেকাতে মানুষ ঘরে অবস্থান করায় তারা অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এই ক্রান্তিলগ্নে ফ্রি সবজি বাজার দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর