জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করল কুষ্টিয়ার রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত হোসেনকে (২২)। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া গ্রামে প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর আহত আরাফাত মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।
নিহত আরাফাত শৈলকূপা উপজেলার শেখপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর হোসেনের ছেলে।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিয়ার আলী জানান, আরাফাত ও তার বাবা জাহাঙ্গীর হোসেন বাড়ির পাশে তাদের কেনা একটি জমিতে মঙ্গলবার দুপুরে তাদের নিজেদের কাজে লাগাতে যায়।
এসময় পার্শ্ববর্তী জমির মালিক একই গ্রামের মৃত রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জ্বল বাধা দেয়। সেসময় তর্কবিতর্কের একপর্যায়ে তারা গাছের ডাল দিয়ে আরাফাত হোসেনের মাথায় আঘাত করে।
তখন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বার্তাবাজার/এসজে