সারাদেশে ৩৯২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে প্রায় ৪০০ জন। গত পাঁচ দিনে সারাদেশে ১৭৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। গত (২৩ এপ্রিল) আক্রান্তের সংখ্যা ছিলো ২১৮। তা বেড়ে আজ দাঁড়িয়েছে ৩৯২ জনে।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত সারা দেশে পুলিশের ৩৯২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, আক্রান্তের অর্ধেকের বেশি ঢাকা মহানগরীতে। তাঁদের মধ্যে নারী পুলিশ এবং পুলিশে কাজ করা সাধারণ কর্মচারীও আছেন।

রাজধানীসহ পুরো দেশে বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে টহল দেয় পুলিশ। দিন-রাত মহাসড়কে, শহরের অলি-গলিতে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। মানুষের কোয়ারেন্টিন নিশ্চিত করতেও ছুটে যান তারা। মৃত্যুর পর লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যেতে হয় তাদের। এমনকি করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর যখন জানাযা, দাফন করাতে কেউ এগিয়ে আসেন না তখনও এগিয়ে যায় পুলিশ। ঝুঁকিপূর্ণভাবে এসব কাজ করতে গিয়ে নিজেরাই হচ্ছেন আক্রান্ত।

সূত্রমতে, হাট-বাজার বসার সময় নিয়ন্ত্রন, ত্রাণ বিতরণে শৃঙ্খলা বজায় রাখা, মানুষের চলাফেরার ক্ষেত্রে সরকারি নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে কাছাকাছি যেতে হয় পুলিশ সদস্যদের। এতে কখন কিভাবে কে আক্রান্ত হচ্ছে বুঝা দুষ্কর হয়ে যায়। সবেচেয়ে বেশি পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন ঢাকায়। তারপরেই রয়েছে গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ।

এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা আক্রান্ত হয়েছেন। ঢাকাতে দেড় শতাধিক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ডিএমপিতে করোনায় আক্রান্ত রয়েছেন প্রায় ৪০ জন পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, দায়িত্ব পালনরত সব পুলিশ সদস্যের জন্য ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী সংগ্রহ করা হয়েছে। এখন তা বিভিন্ন ইউনিটে পৌঁছে দেওয়া হচ্ছে। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পুলিশের হাসপাতাল গুলোতে প্রয়াজনীয় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ঝড়, বৃষ্টি হলেও পুলিশকে দায়িত্ব পালন করতে হয়। কেউ যখন রাস্তায় থাকে না তখনও মানুষের নিরাপত্তার জন্য পুলিশকে রাস্তায় থাকতে হয়। গড়ে একজন পুলিশ সদস্য ১২ ঘন্টা ডিউটি করেন। দায়িত্ব পালন করতে পুলিশ মাঠে রয়েছে বলে জানান তিনি।

এসব বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সুচিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যাপ্ত আয়োজন রাখা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর