বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মহামারি রুখতে একেবারে ব্যর্থ। হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসুস চীনের প্রতি পক্ষপাতদুষ্ট। এই অভিযোগ তুলে হু প্রধানের পদত্যাগ দাবি করলেন অন্তত ১০ লক্ষ মানুষ।
করোনা রুখতে ব্যর্থতার অভিযোগ তুলে হু প্রধানের বিরুদ্ধে একটি অনলাইন পিটিশন তৈরি করা হয়। যাতে লেখা ছিল, ‘গত ২৩ জানুয়ারি ২০২০ সালে টেড্রোস আধানম ঘেব্রেইসুস করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করতে অস্বীকার করেন।
আমরা সকলেই জানি এই মুহূর্তে করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক নেই। সেদিনের পর মাত্র ৫ দিনে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা প্রায় ১০ গুণ বেড়ে যায়। আর এর দায় অনেকাংশে টেড্রোস আধানম ঘেব্রেইসুসের। তিনি এই ভাইরাসের ক্ষমতাকে গুরুত্ব দেননি। আমাদের মনে হয় টেড্রোস আধানম হু প্রধানের পদে থাকার উপযুক্ত লোক নন।
তাই, এখনই তাঁর পদত্যাগ করা উচিত। আমরা বিশ্বাস করি হু রাজনৈতিকভাবে নিরপেক্ষ। কিন্তু চীন সরকার যে আক্রান্ত ও মৃতের তালিকা দিয়েছিল, সেটাই অন্ধের মতো বিশ্বাস করেছেন ঘেব্রেইসুস।’ অনলাইনে এই পিটিশনটিতে এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি মানুষ সই করেছেন।
কয়েকদিন আগে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের তাবেদারি করার অভিযোগ তুলেছিলেন হু’র বিরুদ্ধে। তিনি বলেছিলেন, ‘করোনায় আক্রান্ত ও মৃতের যে সংখ্যা চীন দেখাচ্ছে, তাতে গলদ আছে। আসল তথ্য চেপে যাওয়া হচ্ছে। চীনের সঙ্গে মিলে গিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।’
বার্তাবাজার/কে.জে.পি