মহামারি করোনাভাইরাসের থাবায় বেসামাল সারাবিশ্ব। সারাবিশ্বে এখন পর্যন্ত দুই লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এমন অবস্থার মধ্যেই বিশ্বকে করোনা নিয়ে সতর্ক করলো আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। সংস্থাটি বলছে, বিশ্বে ১০০ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে।
আইআরসি সতর্ক করে বলছে, দরিদ্র ও সংঘাতকবলিত দেশগুলোকে সাহায্য করা না হলে এত সংখ্যক মানুষের মৃত্যু ঘটতে পারে। আফগানিস্তান, ইয়েমেন ও সিরিয়াকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি বলছে, এসব দেশে বড়ো ধরনের মহামারি এড়াতে তাদের জরুরি ভিত্তিতে অর্থ সাহায্য দেওয়া প্রয়োজন।
সংস্থাটি আরও বলছে, প্রয়োজনীয় সাহায্য দেওয়া না হলে যুদ্ধকবলিত ও অস্থিতিশীল দেশগুলোতে ১৭ থেকে ৩২ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে।
বার্তা বাজার / ডাব্লিও.এস