করোনায় কর্মহীন হয়ে পড়া যুবকদের পাশে থাকবে সরকার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবে বেকার হয়ে পড়া মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

মঙ্গলবার (২৮এপ্রিল) রাজধানীর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার কারণে কর্মহীন হয়ে পড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। ইতিমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ‘করোনাত্তোর পরিস্থিতিতে যুবদের জন্য গ্রামে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক প্রকল্প গ্রহন করা হয়েছে।’

তিনি আরও বলেন, করোনায় উদ্ভূত পরিস্থিতিতে অনেক মানুষ গ্রামে ফিরে গেছেন। তাদের অনেকেই হয়তো আর আগের কর্ম ফিরে পাবেন না। এ পরিস্থিতিতে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দ্রুত উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ঋণ দেওয়ার মাধ্যমে আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

যুব ও ক্রীড়া সচিব মোঃ আকতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবিরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর