গত কয়েক দিন ধরে মুষলধারে আকাশ থেকে ঝরছে বৃষ্টি। পাঁচ দিন ধরে চলা বৃষ্টি নতুন গতি পেয়ে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ভেতরের জলীয় বাষ্প মেঘ হয়ে আকাশে উড়ে গিয়ে বৃষ্টি হয়ে ঝরেছে। বঙ্গোপসাগরের অদূরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে উৎপন্ন হওয়া একদল মেঘ বাংলাদেশের উপকূলের দিকে আসছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বাংলাদেশের উপকূলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আজ বুধবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে।
নিম্নচাপটি আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় উপকূলের কাছাকাছি চলে আসতে পারে। এর প্রভাব বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়া অফিস বলছে, দেশের অন্যত্র মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে যে বৃষ্টিপাত হচ্ছে, তা আরও চার থেকে পাঁচ দিন বাড়তে পারে।
কেএ/বার্তাবাজার