পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের কাটাবন এলাকায় নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি একজন নারী এবং তার বয়স ২৬ বছর। আজ রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান। তবে ওই নারী বর্তমানে নিজ বাড়িতে আছেন এবং সুস্থ আছে বলে জানান তিনি।
এদিকে ওই আক্রান্ত নারীর বাড়ি সহ আশ-পাশের বাড়িগুলো আগে থেকে লকডাউন করেছে বলে জানায় বোদা থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
পঞ্চগড় স্বাস্থ্যবিভাগের সূত্রে জানা যায় গত ১৬ এপ্রিল গাজীপুর জেলার কোনাবাড়ি থেকে ওই নারী তার নিজ গ্রামের বাড়িতে বেড়াতে আসে।
সে গাজীপুরে একটি গার্মেন্টন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। বাসায় ফেরার পর থেকে ওই নারী হোম কোয়ারেন্টিনে রয়েছে। তারপর থেকে সে বাড়িতেই অবস্থান করছিলো। তবে ওই নারী সুস্থ আছেন। তার কোন উপসর্গও নেই বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
গত ২৫ এপ্রিল ওই নারী সহ ওই বাড়ির ১১ জনের মধ্যে ৫ জনের নমুনা সংগ্রহ করে বোদা উপজেলা স্বাস্থ্যবিভাগ। পরে তাদের নমুনা ২৬ এপ্রিল দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ওই ২৮ জনের করোনা পরিক্ষার রিপোর্ট আসে। ওই নারী শুধু আক্রান্ত এবং বাকী ২৭ জনের করোনা নেগেটিভ এসেছে।
তবে আজ পর্যন্ত জেলায় ৩২২ জনের নমুনা সংগ্রহ করে রংপুর ও দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর ২৩৪ জনের রিপোর্ট আসে। তন্মধ্যে ৮ জনের করোনা পজেটিভ আসে। বাকীদের রিপোর্ট এখনো আসেনি। তবে এ পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।
এর আগে গত ১৭ এপ্রিল ও ২১ এপ্রিল তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ও শালবাহানহাট ইউনিয়নের দুই নারী,২৩ এপ্রিল বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের নতুন বস্তিতে এক কিশোর এবং ২৫ এপ্রিল তীরনইহাটে এক বয়স্ক ব্যক্তির ও ২৭ এপ্রিল দেবীগঞ্জে ২ জন এবং তেঁতুলিয়ায় একজন করোনা পজেটিভ শনাক্ত হয়।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে আজ এক নারী করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৮ জন। তবে এ পর্যন্ত আক্রান্ত ৮ জনই তাদের নিজ গ্রামের বাড়িতে আছেন এবং সুস্থ আছেন। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।
তবে কেউ মৃত্যু বরণ করেনি বলে জানান তিনি।
কেএ/বার্তাবাজার