বাড়ি মালিকদের কাছে বশেমুরবিপ্রবি প্রশাসনের মানবিক আবেদন

করোনা মহামারিতে অনাবাসিক শিক্ষার্থীদের মানবিক অবস্থা বিবেচনা করে মেস ও বাড়ির মালিকদের কাছে বাড়ি ভাড়া সাময়িক স্থগিত ও মওকুফ করার আবেদন জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন।

একই সাথে শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য বাড়ির মালিকদের অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রশাসন৷ মঙ্গলবার (২৮ এপ্রিল) বশেমুরবিপ্রবির প্রক্টর ড.মোঃ রাজিউর রহমানের স্বাক্ষরিত এক স্মারক লিপির মাধ্যমে এ মানবিক আবেদন করা হয় ৷

উক্ত স্মারকে ভাড়া মওকুফের অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, “আপনাদের বাড়ি ঘরে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বসবাস করে আসছে। যাদের একটি বৃহৎ অংশ প্রাইভেট টিউশনি করে মেসের ভাড়া প্রদান করে থাকে।

যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ এবং গোপালগঞ্জ জেলায় লকডাউন চলছে সেহেতু ছাত্র/ছাত্রীরা প্রাইভেট টিউশনি করতে পারছেনা। বিধায় তাদের পক্ষে মেসের ভাড়া পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। অধিকাংশ শিক্ষার্থীর পরিবারের এই ভাড়া প্রদানের কোন প্রকার সক্ষমতাও নেই। উদ্ভুত পরিস্থিতিতে উক্ত বিষয় মানবিকভাবে বিবেচনা করে শিক্ষার্থীদের সার্বিক সহযােগিতার জন্য বাড়ির মালিকদের বিশেষ অনুরােধ করা হলাে।”

উল্লেখ্য, এর আগে বশেমুরবিপ্রবির প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকসহ সকল সাধারন শিক্ষকের সম্মিলিত উদ্যোগে মানবেতর জীবনযাপন করা সকল শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান অব্যাহত রয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর