২৪০ টাকা দামে আদা বিক্রি করায় চট্টগ্রামে আবুল কাশেম সওদাগর নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নগরীর বাকলিয়ায় তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।
অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করেন।
অভিযান চলাকালে লিজা ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার টাকা, কালামিয়া বাজারের জাহাঙ্গীর সওদাগরের মাংসের দোকানকে ৩ হাজার টাকা, ফরিদ স্টোর ও রহিম স্টোরকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে পূর্বে জরিমানা করা মধ্যম চাক্তাই এলাকার মেসার্স আবুল কাসেম সওদাগরের দোকান পুনরায় পরিদর্শন কালে মূল্যতালিকা হালনাগাদ না করায় আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কোনো বিক্রেতা যদি বেশি মূল্যে পণ্য বা ওষুধ বিক্রি করে বা বিক্রির প্রস্তাব করে তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন নম্বরে (১৬১২১) অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ জানানো হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস