ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ওষুধ কোম্পানির একজন কর্মচারির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিট ওই কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে তার করোনা শনাক্ত হয়।
ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সী ওই ব্যক্তি জেনারেল ফার্মাসিউটিক্যালের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন। ঈশ্বরগঞ্জ এলাকার বিক্রয় প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) কাজ করেন একই এলাকার ৩৫ বছর বয়সী একজন।
তার সাথে নিজেদের প্রাতিষ্ঠানিক কাজে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তারা দু’জন। বিক্রয় প্রতিনিধির শরীরে করোনার লক্ষ্মণ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের কাছে নমুনা জমা দেন।
ওই সময় ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ব্যক্তিটিরও নমুনা নেয় স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিট। মঙ্গলবার ৮ জনের নমুনা পাঠানো হলে তার ওষুধ কোম্পানির ডেলিভারি ম্যানের শরীরে করোনা ভাইরাসের জীবানু শনাক্ত হয়।
মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল হুদা খান। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তি ময়মনসিংহ শহরে অবস্থান করেন। তার সাথে যোগাযোগ করে ময়মনসিংহের এসকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সেই সাথে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।
করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, মঙ্গলবার শনাক্ত হওয়া ২ জনসহ এ উপজেলায় ৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বেশ কিছু নমুনা পরীক্ষার জন্য জমা রয়েছে। কন্ট্রাক ট্রেসিংয়ের মাধ্যমে আরো পরীক্ষার ব্যবস্থা করা হবে।
কেএ/বার্তাবাজার