ভারতেও দিন দিন বেড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে একদিনেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪৩ জন। এই মুহুর্তে করোনা আক্রান্তের দিক থেকে এশিয়ার মধ্যে চীনের পরের অবস্থানই ভারতের।
রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। যা এশিয়ায় দ্বিতীয় অবস্থান।
আক্রান্ত বাড়ায় উদ্বেগ প্রকাশ করে দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, লকডাউনের শেষ পর্যায়ে এসে আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে লকডাউন তোলা কঠিন হয়ে পড়বে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৯ হাজার ৪৩৪ জন আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ১৫শ’ ৪৩ জন বেড়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৮৬৯ জন। আর মারা গেছে ৯৩৪ জন।
এদিকে সীমিত আকারে খামার ও শিল্পকারখানা চালু করার অনুমতি দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে যে সব গ্রামীণ অঞ্চলে করোনা প্রাদুর্ভাব কম সেখানেও লকডাউন শিথিল করতে বলা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস