চৌগাছা উপজেলায় ৩ নার্সসহ চার নারীর করোনা শনাক্ত

যশোর চৌগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তিন নার্সসহ চার নারীর শরীরে নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালের প্রসূতি বিভাগের তিন নার্স ছাড়াও রয়েছেন চৌগাছা শহরের ডিভাইন গার্মেন্টসের একজন কর্মী।

এনিয়ে চৌগাছা উপজেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ জনের। যা প্রায় যশোর জেলায় শনাক্ত রোগীর ২৫ শতাংশ।মঙ্গলবার(২৮শে এপ্রিল)দুপুরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার বিষয়টি নিশ্চিত করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সূত্রে জানাজায়, গত বুধবার (২২শে এপ্রিল) চৌগাছা উপজেলার বানুড়হুদা গ্রামের গর্ভবতী ২৮ বছর বয়সী এক নারী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন।

চিকিৎসকরা ওই নারীর করোনা উপসর্গ দেখে তার শরীর থেকে নমুনা নিয়ে বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পাঠান। নমুনা পাঠানোর পরপরই ওই নারী হাসপাতাল থেকে পালিয়ে যান।

শনিবার(২৫শে এপ্রিল)ওই নারীর রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতালে ওই নারীর সংস্পর্শে আসা স্টাফদের নমুনা সংগ্রহ করে রবিবার (২৬শে এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)জেনোম সেন্টারে পাঠানো হয়।

সেখানে গতকাল সোমবার (২৭শে এপ্রিল) পরীক্ষায় হাসপাতালের ওই তিন নার্স করোনা পজেটিভ হন। এছাড়াও রোববার চৌগাছার একমাত্র বড় শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান ডিভাইন গার্মেন্টেসের দুইটি ফ্যক্টরি খুলে দেওয়া হয়।

ওইদিন গার্মেন্টসে ঢুকানোর সময় থার্মাল স্ক্যানারে এক নারীকর্মী ও এক পুরুষ কর্মীর গায়ে জ্বর ধরা পড়ে। তাদের গার্মেন্টসে ঢুকতে দেওয়া হয়নি। ওই দিনই সংশ্লিষ্ট নারী কর্মী হাসপাতালে এসে নমুনা দেন। মঙ্গলবার (২৮শে এপ্রিল) ওই নারী কর্মীর করোনা রিপোর্ট পজেটিভ আসে।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার বলেন, হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া গর্ভবতী নারীর সংস্পর্শে আসা প্রসূতি বিভাগের তিন নার্স করোনা পজেটিভ হয়েছেন।

এছাড়া শহরের ডিভাইন গার্মেন্টসের এক নারী কর্মীর রিপোর্টও পজেটিভ এসেছে। তিনিও হাসপাতালে এলে সন্দেহ হওয়ায় নমুনা সংগ্রহ করে যশোর পাঠানো হয়।তিনি আরো জানান,ডিভাইনের ওই গার্মেন্টস লকডাউন করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর