‘আমি মূলত পাকা ধান কেটেছি, মিডিয়ায় ছড়াচ্ছেন কাঁচা ধান’

নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ও শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তুলতে পারছে না কৃষকেরা। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ধান কেটে কৃষকদের সহযোগিতা করছেন সরকারদলীয় বিভিন্ন সংগঠন।

তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার(২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান মনির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধান কাটেন। পরে সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তবে আলোচনার বিষয় ছিল, এমপি পাকা ধান না কেটে কাঁচা ধান কেটেছেন।

এ ব্যাপারে কৃষক লতিফ মিয়া বলেন, আমি ও আমার ছেলে ধান কাটছিলাম। ঠিক তখন এমপি পাশ দিয়ে যাওয়ার সময় আমার ধান কেটে দেয়। আমার ক্ষেতের ধান পাকা, কিন্তু ডাটাগুলো কাচা।

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, “স্থানীয় এমপি যে ধান কেটেছেন সেটি ব্রি ২৮ জাতের ধান। “৮০ শতাংশ ধান পাকলেই কৃষকদের ধান কাটতে বলা হয়। উপর থেকে দেখলে মনে হয় কাঁচা। কিন্তু ধানের ধানের শীষ দেখলে বোঝা যাবে এটি পাকা ধান। অনেকেই গুজব রটাচ্ছেন কাঁচা ধান কাটা হয়েছে।”

এ বিষয়ে সংসদ সদস্য তানভীর হাসান মনির বলেন, “আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক কৃষকে ধান কাটতে দেখি। তখন আমি গাড়ি থেকে নেমে দলীয় কিছু নেতা-কর্মীদের নিয়ে ওই কৃষকের কিছু ধান কেটে দেই। আমি মূলত পাকা ধান কেটেছি। তবে কিছু লোক স্যোশাল মিডিয়ায় ছড়াচ্ছেন কাঁচা ধান কাটা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। আমি মানুষকে উদ্বুদ্ধ করার জনই ধান কেটেছি। যাতে করে সবাই এই সময়ে ধান কাটায় অংশ নেয়।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর