রাজহাঁসে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে। আহতদেরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নাচনাপাড়া গ্রামের নয়া সরদারের ২০টি রাজহাঁস প্রতিবেশি বাদশা মিয়ার জমির ফসল নষ্ট করে ফেলে। এ নিয়ে নয়া সরদার ও বাদশা মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষ মারামারিতে লিপ্ত হয়ে যায়।
এতে উভয়পক্ষের ৭ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে আবদুল হাই সরদার (৬০), বাদশা মিয়া পাহলান (৬২), সাগর পাহলানকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রাকিব সরদার (১৭), মামুন সরদার (১৯), মমতাজ বেগম (৫০), সুমন সরদারকে (২৭) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এদিকে বাদশা পাহলানের অভিযোগ ঘটনার পরপর নয়া সরদারের লোকজন তার বাড়ীতে প্রবেশ করে ঘর ভাংচুর করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে