মহামারি করোনা ভাইরাসে দেশে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ৬৬০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সোমবার (২৭ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে
সংগঠনটির মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী বলেন, মোট আক্রান্ত ৬০০ জনের মাঝে ২৯৫ জন ডাক্তার, ১১৬ জন নার্স ও ২৪৯ জন আছেন স্বাস্থ্যখাতে নিয়োজিত অন্যান্ন কর্মী।
এখন পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে ৫ হাজার ৯১৩ জন আক্রান্তের পাশাপাশি মারা গেছেন ১৫২ জন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজন চিকিৎসকও মারা গেছেন। স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ বাড়লে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএমএ মহাসচিব এহতেশামুল।
তিনি আরও বলেন, “করোনা যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধারা আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসা পেশায় নিয়োজিত মোট আক্রান্তের সংখ্যা ৬৬০, যা দেশের মোট আক্রান্তের প্রায় শতকরা ১১ জন। চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারী ব্যক্তিরা এই হারে আক্রান্ত হতে থাকলে সামনে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।”
চিকিৎসকদের সুরক্ষায় সরকারের কাছে তিনটি সুপারিশ করেছে বিএমএ।
এগুলো হলো-* দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সঠিক মানের পিপিই, এন-৯৫ বা এর সমমানের মাস্ক সরবরাহ করা।
*নন-কোভিড হাসপাতালে প্রবেশে ‘ট্রায়াজ সিস্টেম’ চালু করে সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত পিপিই দেওয়া।
*সব সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের আবাসন, প্রয়োজনীয় খাবার সরবরাহ এবং হাসপাতালে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা।
বার্তাবাজার/এসজে