গণপরিবহন দ্রুত চালু, শ্রমিক কল্যানের নামে চাঁদা আদায় বন্ধ করা ও ত্রাণ সহায়তা নিশ্চিতের দাবীতে রাজপথে নেমেছে কয়েকশত কর্মহীন পরিবহন শ্রমিক। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা থেকেই তারা সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এ সময় শ্রমিকরা রাস্তায় বসে তাদের ৩ দফা দাবী আদায়ের জন্য শ্লোগান দিতে থাকে। পরবর্তীতে পুলিশ ও মালিকপক্ষের কথায় শান্ত হয়ে ঘন্টাব্যাপী তাদের এই বিক্ষভ থেকে তারা সরে যায়।
বিক্ষোভরত পরিবহন শ্রমিকদে সাথে কথা বলে জানা যায়, মাসখানেক ধরে কর্মহীন জীবন যাপন করলেও তাদেরকে কেউ ত্রাণ সহায়তা দেয়নি। পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে তাদের।তাই ত্রাণ সহায়তা, শ্রমিকদের কল্যাণের নামে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের মোল্লা জানান, মূলত করোনা সংকটের মাঝে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা কোনো প্রকার সাহায্য না পেয়ে আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের সহযোগিতার জন্য পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা শেষে সমস্যা সমাধানের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বার্তাবাজার/এসজে